জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করবে কে—এ প্রশ্নের উত্তর দিতে হবে। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে আজহারুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিবর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা প্রয়োজন। তিনি প্রশ্ন রেখে বলেন, “ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?”
এ সময় তিনি আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গও তুলে ধরে সরকারের সমালোচনা করেন। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
বাজেট আলোচনায় অংশ নিয়ে এ টি এম আজহারুল ইসলাম প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও উচ্চাভিলাষী বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজস্ব আহরণে অনিশ্চয়তা, উচ্চ সুদ ব্যয় এবং বড় বাজেট ঘাটতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামী শরিয়াহভিত্তিক আর্থিক উপকরণ ‘সুকুক’ চালুর মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।