আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ানো বা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে এ ধরনের বিষয়ে কিছুটা শিথিলতা দেখানো হলেও এবার তা করা হবে না। তার ভাষ্য, প্রশ্নফাঁস নিয়ে কেউ বিরূপ মন্তব্য বা গুজব ছড়ালে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।
তিনি আরও বলেন, এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে একই বিষয়ের ক্ষেত্রে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সব ধারার শিক্ষার্থীদের মূল্যায়নে সমতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সভার শুরুতে বিভিন্ন কলেজের ফলাফল নিয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী।
এ সময় একটি মাদরাসার অধ্যক্ষ বলেন, সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেখানে ১ হাজার ২০০ নম্বরের পরীক্ষা দেন, সেখানে মাদরাসার শিক্ষার্থীদের ১ হাজার ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের পরিবর্তে আগের মতো ১০০ নম্বর রাখার দাবি জানান।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ দাবি বাস্তবায়নের সুযোগ নেই। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সব শিক্ষার্থীকে একই মানদণ্ডে পড়াশোনা করতে হয়। সে কারণে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের বর্তমান ব্যবস্থা বহাল থাকবে।