চীনের ডালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ডব্লিউইএফের এ আয়োজনের মাধ্যমে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারক বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করছেন।
বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন মন্ত্রী এবং বহুজাতিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।