কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবলীগের নেতাকর্মীরা। রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিল চলাকালে পুলিশ সদস্যদের উদ্দেশ করে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলতে শোনা যায়, “সামনে আসবি না, মাইরা ফালামু” এবং “রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই”।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি গাছা এলাকার দিকে অগ্রসর হলে মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এলে মিছিলকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ সামনে না এগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানার সীমানায় প্রবেশ করে শেষ হয়। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।