পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০২৩ সালের এই দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই দলটি এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভের আগে পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম সংবাদমাধ্যম ডন–কে জানান, পেশাওয়ারে বড় জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের অন্য তিনটি প্রদেশে দলীয় আঞ্চলিক ও স্থানীয় নেতারা নিজ নিজ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তিনি দাবি করেন, কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই।
তবে পাঞ্জাব প্রদেশে বিক্ষোভ চলাকালে পিটিআইর ২০ জনের বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে লাহোরে দলীয় নেতাকর্মীদের বড় সমাবেশ দেখা যায়। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে বিক্ষোভ কর্মসূচির দিন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহের জন্য বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করা পাকিস্তানি সাংবাদিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?