সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘোটাবাছা নামক স্থানে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন নুরুজ্জামানকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুজ্জামান হাওলাদার মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার মো. আলম হাওলাদার ওরফে শাহ-আলম হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ এলাকায় বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।