দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ জুন পর্যন্ত ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।
মজুতের মধ্যে চাল রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গম ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং মজুত হিসেবে গম ২০ হাজার ৪৩২ টন ও চাল ১ হাজার ৯৬২ টন যুক্ত হয়ে মোট মজুত ২০ লাখ ৬০ হাজার টনে পৌঁছেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ টন এবং গম ৪৯৪ টন সংগ্রহ করা হয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে চাল ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম ১২ লাখ ৬৬ হাজার ৮৫৭ টন।
সরকারি ব্যবস্থাপনায় মোট ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে, যার মধ্যে চাল ৫ লাখ ৩১ হাজার ৮০ টন এবং গম ৭ লাখ ৩৫ হাজার ১৮ টন। অন্যদিকে বেসরকারি খাতে আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ৫৩ টন খাদ্যশস্য, যার অধিকাংশই চাল।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে খাদ্য সহায়তা হিসেবে কোনো চাল বা গম আমদানি করা হয়নি। তবে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ও চলমান সংগ্রহ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।