নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার তুলে ধরে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। বর্তমান সরকার মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানিয়ে এ খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
তিনি শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তায় অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ জানান। তিনি সংকটের টেকসই সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।