প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী কার্যক্রমের প্রসার অত্যন্ত জরুরি। মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মাদকাসক্তি বর্তমানে তরুণদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। কেবল আইন প্রয়োগ বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। এজন্য তরুণদের শক্তি ও মেধাকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি উল্লেখ করেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।
তিনি জানান, সরকার ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছে, যেখানে সারা দেশের লাখো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী মেলা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক, বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ড চালু রাখতে হবে। একই সঙ্গে সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।