আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের উপার্জনক্ষম দুই ভাই নিহত হওয়ার পর তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ জুন) দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম নিহতদের উপজেলার ডমুরুয়া গ্রামের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা দেন।
পরে তিনি পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা ও দুই বস্তা খাদ্যসামগ্রী তুলে দেন। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে থাকবে বলে জানান তিনি।
এ সময় স্থানীয় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) রাতে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় মুন্সির দোকানঘর নামক স্থানে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ ও আরিফ নামে আপন দুই ভাই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।