পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। বিদ্যালয়ে যেতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হয় প্রায় ৫০০ শিক্ষার্থীকে। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
উপজেলার আমখোলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া খালের ওপর নির্মিত হয়েছে প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়েই পশ্চিম তাফালবাড়িয়া, আলগী তাফালবাড়িয়াসহ আশপাশের তিন গ্রামের মানুষ যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের এই পারাপার হয়ে উঠেছে আতঙ্কের কারণ।
স্থানীয়দের ভাষ্য, সাঁকোটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় একটু অসাবধান হলেই ঘটতে পারে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শিশু শিক্ষার্থীদের অনেকেই সাঁতার না জানায় খালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সব সময়।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলে, ‘আমি প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, পা পিছলে পড়ে যাই। যারা ছোট, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাদের ভয় আরও বেশি। কারণ তারা সাঁতার জানে না।’
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। পারাপারের সময় অনেকবার স্কুলের শিশুরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।’
আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ খাঁ বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি, মানুষের দুর্ভোগ লাঘবে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। একটি সেতুর অভাবে প্রতিদিনই মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’
সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের উত্তর পাশে বড় একটি খাল রয়েছে। খালের ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে সেতু নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অজানা কারণে এখনো তা বাস্তবায়িত হয়নি।’
আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, ‘আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। পুলটি পুনর্নির্মাণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘আমখোলা ইউনিয়নের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’
স্থানীয়দের প্রত্যাশা, কেবল আশ্বাসে সীমাবদ্ধ না রেখে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের নিরাপদ বিদ্যালয় যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।