ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, দেশের গ্রামাঞ্চলের অনেক এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। তিনি বলেন, এটি বাস্তব পরিস্থিতি এবং সাধারণ মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তির শিকার হচ্ছেন।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়টিও তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এর আগে সংসদে আশ্বাস দিয়েছিলেন, ১ মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হবে। তবে নির্ধারিত সময় পার হয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ চালু হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া হবে, সে বিষয়ে মন্ত্রীর কাছে সুনির্দিষ্ট সময়সীমা জানতে চান।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ বলেন, দেশে বর্তমানে গ্যাসের সরবরাহ সীমিত। এ কারণে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, সীমিত গ্যাস মজুদের কারণে একদিকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা এবং অন্যদিকে শিল্পকারখানায় গ্যাস সরবরাহের মধ্যে সমন্বয় করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখার প্রয়োজনীয়তার কারণেই আপাতত আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।