সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সৌদি আরব প্রবাসী শাহেদ ইসলাম (২৮) দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার (৭ জুন) ভোরে ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহেদ উপজেলার প্রতিমাবংকী গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের ছেলে। তিনি প্রায় এক মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাহেদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় শাহেদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, রোববার তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শাহেদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রবাসী সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।