বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি বলেন, কৃষিজমি কমে যাওয়া দেশের জন্য উদ্বেগজনক এবং উন্নয়ন পরিকল্পনায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া ও সালন্দর ইউনিয়নে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন করতে চাই। এজন্য উল্লম্ব উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। তবে এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থ, কৃষি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা হবে। কোনো প্রকল্পে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।