মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ভুক্তভোগী শিশুর ফুপুর স্বামী বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সেলিম খান দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের সঙ্গে একই এলাকায় বসবাস করছিলেন। পারিবারিক সম্পর্কের কারণে শিশুটির তার বাসায় নিয়মিত যাতায়াত ছিল।
অভিযোগে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে চিপসসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পাশাপাশি নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত শনিবার (২৩ মে)। পরিবারের এক সদস্য অভিযুক্তের ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারে শিশুটির আপত্তিকর ছবি দেখতে পান। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগের বিষয়গুলো সামনে আসে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”