স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের অধিকাংশ জেলায় হামের টিকাদান কর্মসূচির আওতায় ১০০ থেকে ১০৪ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। যারা এখনো টিকা পায়নি, তাদের খুঁজে বের করতে মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের মধ্যে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পেছনে বড় কারণ অপুষ্টি। অনেক মায়ের শরীরেই প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি রয়েছে। তিনি জানান, হাসপাতালে গিয়ে দেখা গেছে, হামে আক্রান্ত শিশুদের মায়েদের মধ্যেও অপুষ্টির সমস্যা রয়েছে এবং অনেক মা শিশুদের পর্যাপ্ত বুকের দুধ খাওয়ান না।
তিনি আরও বলেন, শিশু জন্মের পর প্রথম ৯ মাস পর্যন্ত মায়ের কাছ থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে থাকে। তাই নিয়মিত বুকের দুধ না পেলে শিশুরা অপুষ্টিতে ভোগে এবং সহজেই নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়।
আইসোলেশন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার চার দিন আগ থেকেই ভাইরাস অন্যদের মধ্যে ছড়াতে শুরু করে। একজন আক্রান্ত শিশু সর্বোচ্চ ১৮ জনের মধ্যে এই রোগ ছড়িয়ে দিতে পারে। তাই আক্রান্ত শিশুদের অন্য শিশুদের থেকে আলাদা রাখা জরুরি। হাসপাতালগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. মো. আবুল কেনান। এছাড়া বক্তব্য দেন ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ আরও অনেকে।