মুন্সীগঞ্জ প্রতিনিধি
সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে যেসব ক্লিনিক বা প্রতিষ্ঠান অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোও যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তাহলে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
এদিকে উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকার পরও সাপের কামড়ে রোগীর মৃত্যুর কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, সাপের দংশনের পর রোগী বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়। তবে অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে।
তিনি বলেন, সাপের দংশনের পর কোনো ধরনের দেরি না করে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রয়েছে।