স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে শনাক্ত হওয়া তিনটি ব্লকের চিকিৎসা সম্পন্ন হয়েছে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়েছে এবং অন্যটিতে বেলুনিং করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তার এ চিকিৎসা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বী খান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
চিকিৎসা শেষে স্বাস্থ্যমন্ত্রীকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া চাওয়া হয়েছে।