দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. শাহ আলম শানুকে শোকজ করেছে জেলা বিএনপি।
জানা গেছে, সম্প্রতি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি বলেন, “যারা বিএনপির এই মিটিংয়ে আসেনি, তারা ফ্যামিলি কার্ড পাবে না, কৃষি কার্ডও পাবে না।” তার এমন মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।
এ ঘটনায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে আয়োজিত বিএনপির একটি কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।