মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১৮ মার্চ) বাদ যোহর উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের সোনারং পুরাতন জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, নির্ধারিত ৪০ দিন নিয়মিত মসজিদে উপস্থিত থেকে জামায়াতে নামাজ আদায় করা কিশোরদের একটি তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাদের উৎসাহিত করতে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ১৪ জন কিশোরকে বাইসাইকেল এবং অন্যদের মাঝে ডিনার সেটসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। এছাড়া মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে কিশোরদের মধ্যে ধর্মীয় চর্চা বৃদ্ধি পাবে এবং তারা নৈতিক ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ হবে।
অংশগ্রহণকারী কিশোররা এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করে জানায়, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে নামাজ আদায় অব্যাহত রাখবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ কিশোরদের সৎপথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।