যারা ধর্মের নামে ব্যবসা করে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না বলে কঠোর মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম–এর উত্তর গেটে আয়োজিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেলাটি আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামিক ফাউন্ডেশন যেভাবে ইসলামী জ্ঞানচর্চা ও বই প্রকাশের মাধ্যমে কাজ করছে, তা প্রশংসনীয়। এসব বই পাঠের মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায়-অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে তিনি সতর্ক করেন, ইসলামের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।