গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। শুক্রবার (২৯ আগস্ট) রাতেই এ বোর্ড গঠন করা হয় বলে জানান ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে তিনি জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। এই কারণে শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও তার জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে না গেলে তার অবস্থা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এদিন সকালে নুরুল হকের চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড বৈঠকে বসবে বলেও জানান হাসপাতাল পরিচালক।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, তাদের মিছিলে জাপার কর্মীরা হামলা চালায়। অন্যদিকে জাপার দাবি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই আগে আক্রমণ করেছে। রাত সাড়ে ৯টার দিকে নুর সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে পুলিশ ও সেনাসদস্যরা হামলা চালায় বলে অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এতে নুরসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।