উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিহত ও নিখোঁজদের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে সরব হয়েছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
মঙ্গলবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?”—এই প্রশ্নের মধ্য দিয়ে তিনি সরাসরি লাশ গুম সংক্রান্ত গুজবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে প্রিন্স মাহমুদ বলেন, “প্রথম দিন কিছুটা সমন্বয়হীনতা থাকলেও পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল আহত ও নিহতদের সঠিক তালিকা প্রকাশ করা। সেটা হয়নি। এতে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েছে, আর গুজবও ছড়িয়েছে। মানুষের প্রশ্ন থাকবেই, কিন্তু সে প্রশ্নের সদুত্তর দেওয়া রাষ্ট্রের কর্তব্য।”
তিনি আরও বলেন, “এই সময় রাজনীতির দোকানপাট বন্ধ রাখা উচিত। যারা হাসপাতালে গিয়ে ছবি তোলার প্রতিযোগিতা করছেন, তারা বরং পিছনে দাঁড়িয়ে সহায়তা করুক।”
প্রিন্স মাহমুদের এই বক্তব্যের পর তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে তাঁর স্পষ্টভাষী অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ বলেন, ‘এই সাহসিক কণ্ঠই দরকার ছিল’।
উল্লেখ্য, শুধু সংগীতে নয়, জাতীয় সংকট ও সামাজিক ইস্যুতেও দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা রেখে আসছেন প্রিন্স মাহমুদ। গত বছরের গণ-অভ্যুত্থানেও তাঁকে রাজপথে দেখা গেছে।