প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। এ সময় সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আহ্বান জানানো হয়েছে। তবে সফরের সম্ভাব্য তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত আমন্ত্রণপত্র সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন।