বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি বর্তমানে এমন এক রাজনৈতিক বিভ্রান্তির মধ্যে আছে, যেখানে তারা বুঝতেই পারছে না কে তাদের প্রকৃত বন্ধু আর কে শত্রু—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক অবস্থান ও কৌশল এখন এতটাই অস্পষ্ট যে, দলটি নিজেদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনাই খুঁজে পাচ্ছে না।
শনিবার (১৯ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক আলোচনায় গোলাম মাওলা রনি বলেন, “বিএনপির রাজনীতি এখন সাপের সর্পিল গতির মতো—যেদিকে যাচ্ছে, কেউই বুঝতে পারছে না। তারাও জানে না কে বন্ধু, কে শত্রু। এই অস্থিরতা ও অনির্ধারিত অবস্থানের কারণেই তারা সবাইকে বন্ধু ভাবছে, আবার সবাইকেই সন্দেহ করছে।”
তিনি অভিযোগ করেন, “বিএনপি এখন হঠাৎ করেই কিছু জেদের রাজনীতিতে নেমেছে। তারা বলছে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, না হলে সরকার পতন ঘটাবো। আবার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদও আমাদের লাগবেই—এই ধরনের দাবিদাওয়া রাজনৈতিক বাস্তবতা বিবর্জিত।”
রনি আরও বলেন, লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর থেকেই দলের রাজনৈতিক গতি প্রায় শূন্যে নেমে এসেছে। বিশেষ করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় বিএনপির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল ও দিশাহীন।
তিনি এটিকে ২০১৪ সালের আন্দোলনের সঙ্গে তুলনা করেন, যেখানে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি দলটি সুনির্দিষ্ট অবস্থান নিতে পারেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই নীতিহীনতা ও দ্বিধাদ্বন্দ্ব দলটির শক্তি হারানোর প্রধান কারণ হয়ে উঠছে। পরিস্থিতি বদলাতে হলে দলটিকে এখনই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।
