রাজনীতি থেকে ভালো মানুষদের দূরে থাকার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ। তিনি বলেছেন, রাজনীতি অপছন্দ করলেও এর প্রভাব থেকে দূরে থাকার সুযোগ নেই। তাই তরুণ প্রজন্মকে ‘আই হেট পলিটিক্স’ মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘আই লাভ পলিটিক্স’ ধারণায় যুক্ত হতে হবে।
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
হান্নান মাসউদ বলেন, শহরের পরিবেশ কেমন হবে কিংবা চালের দাম ৩০ টাকা না ৬০ টাকা হবে, এসব সিদ্ধান্তের সঙ্গেও রাজনীতি জড়িত। তাই রাজনীতি থেকে দূরে থাকলেও এর প্রভাব এড়ানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, ভালো মানুষ রাজনীতি থেকে সরে গেলে অসৎ ও অপরাধীদের সেখানে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়। তবে রাজনৈতিক সচেতন হওয়ার অর্থ কোনো নির্দিষ্ট দল বা ছাত্রসংগঠনে যোগ দেওয়া নয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ছয় মাস থেকে এক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা গড়ে তুলতে হবে।
এ সময় শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। নোয়াখালীর মানুষের আতিথেয়তার প্রশংসা করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কথাও স্মরণ করেন সংসদ সদস্য।