চট্টগ্রামে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবককেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে জাবের ও ওই যুবকের কান্নার দৃশ্যসংবলিত ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেলেন জাবের। একই সময় মাঠে বসে থাকা এক যুবককে বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’
এ সময় জাবের বলেন, হাদি ভাইকে নিয়ে শুরু করা আন্দোলনের দায়িত্ব এখন হাজারো মানুষ কাঁধে তুলে নিয়েছে। তাঁর অসমাপ্ত লড়াই শাহাদাতের আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জাবের আরও বলেন, ‘আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠায় ওসমান হাদির দেখানো পথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতের প্রসারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে উপস্থিত ছিলেন।