ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতেই দলের নেতৃত্ব নির্বাচন করা উচিত।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক হুইপ ও প্রবীণ নেতা প্রয়াত মশিউর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রাজনীতিতে নেতৃত্ব কাজের মাধ্যমে অর্জন করতে হয়। দলের জন্য কে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, নেতৃত্ব নির্বাচনে সেটিই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।
মশিউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ঝিনাইদহসহ খুলনা বিভাগে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। মৌলবাদ ও মাদকের বিরুদ্ধে সংগ্রামেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
ঝিনাইদহের চারটি আসনের মধ্যে গত নির্বাচনে তিনটি পুনরুদ্ধার করতে না পারার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এর দায় কোনো একক ব্যক্তির নয়; বরং সম্মিলিত সিদ্ধান্তহীনতা ও ভুল সিদ্ধান্তের ফল। ভবিষ্যতে এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, যোগ্যতা ও সাংগঠনিক অবদানের মাধ্যমে যে কেউ নেতৃত্বে আসতে পারেন। নেতৃত্ব কারও কাছে স্থায়ীভাবে সীমাবদ্ধ নয়।
এ সময় ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেললাইন নির্মাণ এবং পদ্মা ও যমুনা নদীর ওপর ওয়াই-আকৃতির সেতু নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী।