বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখের মেয়ে শেখ হাসিনাই পালিয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, শেখ হাসিনা একসময় বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না।’ অথচ বাস্তবে তিনিই দেশ ছেড়ে পালিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে দেশে ফেরার যে আলোচনা চলছে, তা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিবাস্বপ্ন না দেখার পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন না; বরং উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন।
আওয়ামী লীগের সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির জন্য পতিত আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ ব্যয় করে লোকজনকে মাঠে নামানো হয়েছিল। তবে বাংলাদেশে কোনো ধরনের নাশকতার সুযোগ দেওয়া হবে না।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এনেছে। তাই বিরোধী দলকে পাঁচ বছর অপেক্ষা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেন।
সভায় উপজেলা বিএনপির নেতাকর্মীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।