ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রত্যাশিত সমৃদ্ধি ও জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব। তিনি বলেন, ইসলাম শুধু একটি আইনি কাঠামো নয়; এটি বিশ্বাস, জীবনবোধ, সংস্কৃতি ও আইনের সমন্বিত রূপ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এ একযোগে সম্প্রচার করা হয়। ভাষণে তিনি দলের নির্বাচনি অঙ্গীকার, রাষ্ট্রগঠন ও সংস্কার বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং ইশতেহারের মৌলিক দিক তুলে ধরেন।
চরমোনাই পীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে উপস্থাপন করেছে। তিনি জানান, ইসলামের মৌলিক নীতির মধ্যে রয়েছে ইনসাফভিত্তিক বিচার, আইনের শাসন, জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।
ভোটের ইসলামী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও যোগ্য ব্যক্তির পক্ষে ভোট দিলে তার সুফল ভোটদাতার আমলনামায় যুক্ত হবে; আর অসৎ ব্যক্তিকে ভোট দিলে তার দায়ও ভাগ হয়ে যাবে। তাই ভোট শুধু ইহকালীন নয়, পরকালীন বিষয় হিসেবেও বিবেচ্য—এই আহ্বান জানান তিনি।