জাতীয় পার্টিকে তিন দিনের মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসর এই দলকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কাল থেকে আমাদের অবস্থান হবে ‘ডু অর ডাই’। কারণ হাসিনা সরকারের সব অপকর্মের সহযোগী ছিল জাতীয় পার্টি।”
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ইতোমধ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে আবারও শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
ফারুক হাসান অভিযোগ করেন, সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো— প্রশাসনে এখনো হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নকারীরা বসে আছে। তিনি তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বহু নেতাকর্মী আহত হন। পরে নূরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর গণঅধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টিকে হামলার মূল সহযোগী হিসেবে অভিযুক্ত করেন। ফারুক হাসান বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একে অপরের দোসর, তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে ধ্বংস করা। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, জনগণকে সঙ্গে নিয়ে এই দুই দলের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।