ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে চলমান আন্দোলন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনের পঞ্চম দিনে নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচির সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপমান ও গালিগালাজ করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১৯ মে) বিকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, “স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে ইশরাক ভাই আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে আক্রমণ, অপমান এবং বাবা-মা তুলে গালিগালাজ করাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থি না। এই দায় পরোক্ষভাবে ইশরাক ভাইয়ের ওপরও বর্তায়।”
তিনি আরও বলেন, “আমরা যাদের আগামী প্রজন্মের রাজনৈতিক পথপ্রদর্শক মনে করি, তারা যদি অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য ক্ষমতার সঙ্গে আপস করে, তাহলে সেটি ঐতিহাসিক দায় তৈরি করবে। ইশরাক ভাই কি সেই দায় বহন করবেন, সিদ্ধান্ত তারই।”
সারজিস তার স্ট্যাটাসে ইশরাক হোসেনকে প্রশংসাও করেন, স্মরণ করিয়ে দেন সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে তাঁর সংগ্রামী পরিচয়। তিনি বলেন, “ইশরাক ভাই গতানুগতিক রাজনীতিকদের মতো নন, তিনি সত্য স্বীকার করতে জানেন।”
তবে তিনি সতর্ক করেন, “অবৈধ নির্বাচনে নির্বাচিত মেয়রের পদে বসা তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকতে পারে। সাময়িক সুযোগ-সুবিধা নয়, দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্যতাই ইশরাক ভাইয়ের মূল শক্তি হওয়া উচিত।”
উল্লেখ্য, সোমবার আন্দোলনকারীরা নগর ভবনের মূল ফটক আটকে রাখেন, ফলে ডিএসসিসির সব ধরনের সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।