মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, সালনা ও জয়দেবপুরের শিববাড়ি এলাকায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ সময় ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
তাঁরা চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, সালনা ও নাওজোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং জয়দেবপুরের শিববাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে সক্ষম হলেও ভোগড়া বাইপাস এলাকায় কয়েক হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের একাংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতির কারণে মঙ্গলবারের জন্য ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও সালনা এলাকায় কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের কারণে মঙ্গলবার ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৬টি কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।