সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীতে ঘিরে সাম্প্রতিক আয়োজনের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের সন্তান’ বলেছিলেন আখতারুজ্জামান। অথচ এখন জামায়াত তাঁকে সম্মানিত করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, ‘ফেস দ্য পিপল’ আয়োজিত একটি টকশোতে আখতারুজ্জামান জুলাই আন্দোলনকারীদের শতভাগ রাজাকারের সন্তান বলেছিলেন। ওই অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন বলে জানান রাশেদ।
তিনি আরও অভিযোগ করেন, একসময় জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল বললেও এখন আখতারুজ্জামান দলটির নেতাদের সঙ্গে অবস্থান করছেন এবং তাঁদের সঙ্গে স্লোগান দিচ্ছেন।
জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন লেখেন, ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমা চেয়ে জামায়াতে যোগ দিতে চাইলে দলটি তাঁকেও সুযোগ দেবে কি না।
পোস্টের শেষাংশে জামায়াতের পক্ষ থেকে আখতারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করার সমালোচনা করে রাশেদ খাঁন মন্তব্য করেন, ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১-এর রাজাকার।’
তাঁর পুরো বক্তব্যে আখতারুজ্জামানের অতীত মন্তব্য এবং জামায়াতের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে ক্ষোভ ও সমালোচনা উঠে আসে।