দেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় মাদক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, মাদকের ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা গেলে দেশের যুবসমাজই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে এ লক্ষ্য অর্জনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোর ও যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তাই সন্তানদের খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান মন্ত্রী।
দুই দিনব্যাপী জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে দেশের ৭৯টি দলের প্রায় এক হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। মোট ৫৯টি ইভেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন প্রতিযোগীরা। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম।
মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে তরুণদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।