দীর্ঘ ৪০ বছর জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। বিএনপির রাজনীতির বর্তমান অবস্থা বোঝাতে নদীতে চর পড়ার উপমা দিয়ে তিনি বলেছেন, ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই পুরোনো রাজনৈতিক ধারা ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমি ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’
তিনি আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হয়েছেন। জনগণের কল্যাণে কাজ করতে প্রয়োজনে হিমালয় পর্বত ডিঙাতেও পিছপা হবেন না।
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চান।
বিমানবন্দরকেন্দ্রিক একটি ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগার থেকে মুক্তির পর জামায়াতের কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কটিয়াদী বাসস্ট্যান্ড ও পুলেরঘাট বাজারেও তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।