মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের চিম্বুক সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান-থানচি সড়কের চিম্বুক রেঞ্জের প্রায় ২৭ কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপির তত্ত্বাবধানে এ অভিযানের আয়োজন করা হয়।
সকালে মন্ত্রীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা চিম্বুক সড়কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি জমে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার এবং ড্রেন ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করা হয়। এ ছাড়া সড়ক ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সচেতন করা হয়।
অভিযান চলাকালে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বান্দরবানের গুরুত্বপূর্ণ চিম্বুক সড়কের প্রায় ২৭ কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুধু রাস্তা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল উদ্দেশ্য মানুষের মধ্যে নিজ নিজ এলাকা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার সচেতনতা তৈরি করা। একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, পাহাড়ি জেলা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, বান্দরবান-থানচি সড়কের চিম্বুক অংশটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। তাই সড়কের পাশে ময়লা-আবর্জনা জমে থাকলে পরিবেশ দূষণের পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্যও ক্ষুণ্ন হয়। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকলে এ সড়কের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখা সম্ভব হবে।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা চিম্বুক রেঞ্জের বিভিন্ন অংশে দলবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।