বর্তমান সময়ের রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এখনকার রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ। রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখনকার সরকারের মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি বলে তিনি দাবি করেন। এমন সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরি করা গেলে বাংলাদেশের চেহারা পরিবর্তন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের অনেক মেধাবী শিক্ষার্থী পরবর্তী সময়ে সরকারি কর্মকর্তা, মন্ত্রী, সংসদ সদস্য এমনকি প্রধানমন্ত্রী হয়েছেন। তবে সবাই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেননি।
গত ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, যারা ওই সময়ে এমপি-মন্ত্রী ছিলেন, তাদের অনেকে জনগণের কল্যাণের পরিবর্তে মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিলেন। তাই দেশ পরিচালনায় সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রয়োজন।