জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। এ লক্ষ্যে এখন থেকেই দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, তৃণমূল পর্যায়ে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়েও কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত জানতে হবে।
পাহাড়ি এলাকায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সারজিস। তিনি বলেন, পাহাড়ি অঞ্চল এমনিতেই উন্নয়ন ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছে। এর মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলকভাবে এসব এলাকায় পদায়ন করা হলে স্থানীয় সমস্যাগুলো আরও জটিল হয়ে পড়ে।
পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রাশিদ।
এনসিপির বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।