আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, বিএনপির রাজনীতি করলে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল একক প্রার্থী মনোনয়ন দেবে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।
সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা সেবা দিতে গিয়ে অসদাচরণ করেছেন বা ঘুষ দাবি করেছেন—এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য উপজেলার সব সরকারি দপ্তরের প্রবেশপথে অভিযোগ বাক্স স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
তবে ব্যক্তিগত বিরোধ, প্রতিহিংসা বা হিংসার কারণে কেউ মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন রাশেদ খান।
তিনি বলেন, এলাকার উন্নয়নে বিরোধী দল জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে রাশেদ খান বলেন, ঝিনাইদহ-৪ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তিনি পরাজিত হন। এর ফলে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অতীতের ভুল-ত্রুটি ভুলে যারা দল থেকে দূরে সরে গেছেন, তাদের আবারও ফিরে এসে দলের জন্য কাজ করার আহ্বান জানান রাশেদ খান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন।
এ সময় মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম. জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন উর রশিদ মোল্ল্যা, মশিয়ার রহমানসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।