আমজাদ হোসেন : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চার বছর আগে পরিবারের ১৪ মাস বয়সী আরেক সন্তানও পানিতে ডুবে মারা যায়। পরপর দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর রুহুল আমিন চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। ফাহিমা ওই এলাকার মো. হুমায়ুন কবির ও আকলিমা আক্তার দম্পতির মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রান্না শেষ করার পর প্রায় ১০ মিনিট ফাহিমাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তার মা। একপর্যায়ে পুকুরের পাশে মেয়ের জুতা ও বালতি দেখতে পান। পরে পানিতে ফাহিমাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে না।