বরিশালে খাওয়ার সময় মেঝেতে পড়া খাবার নিজ হাতে পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অপেক্ষা না করে তার এমন উদ্যোগ উপস্থিত ব্যক্তিদের নজর কাড়ে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ ঘটনা ঘটে।
কর্মশালার বিরতিতে দুপুরের খাবার গ্রহণের সময় অসাবধানতাবশত কিছু খাবার মেঝেতে পড়ে যায়। এতে নির্দিষ্ট স্থানটি নোংরা হয়ে পড়লে পরিচ্ছন্নতাকর্মীদের ডাকার অপেক্ষা না করে ববি হাজ্জাজ নিজেই তা পরিষ্কার করেন।
প্রতিমন্ত্রীর এমন আচরণকে উপস্থিত ব্যক্তিরা দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, পরিচ্ছন্নতা শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিকেরই এ বিষয়ে দায়িত্ব রয়েছে। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা নিজেরা সামনে থেকে এমন কাজে অংশ নিলে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আরও বলেন, জনসমাগমস্থলে সামান্য ময়লা-আবর্জনা পড়ে গেলে অনেক সময় মানুষ সেটি পরিষ্কার করার দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেন। কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি নিজে এগিয়ে এসে তা পরিষ্কার করলে অন্যদের মধ্যেও একই ধরনের মানসিকতা তৈরি হতে পারে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (প্রতিমন্ত্রীর দপ্তর) মো. তানভীর মিয়া বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের কোনো নির্দিষ্ট দপ্তর বা পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। নাগরিকদেরও এ কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা নিজেরা পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে সাধারণ মানুষও উৎসাহিত হন। এতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামগ্রিকভাবে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মানসিকতা তৈরি হয়।
বরিশালের ওই প্রশিক্ষণ কর্মশালায় ববি হাজ্জাজের এ উদ্যোগকে তাই শুধু মেঝে পরিষ্কারের ঘটনা হিসেবে নয়, বরং পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের একটি বার্তা হিসেবেই দেখছেন উপস্থিতরা।