জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পল্টনে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচিতে হাড়ি-পাতিল ও গ্যাসের চুলা নিয়ে অংশ নেন নারীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া আছিয়া খাতুন বলেন, গ্যাসের অভাবে অনেক পরিবার নিয়মিত রান্না করতে পারছে না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, সরকার দ্রুত গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
এদিকে অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ১০ দফা জনদাবি ঘোষণা করে ১১ দলীয় জোট। সংগঠনটির নেতারা এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।