গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
গ্যাস সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের উত্তরা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের অতিরিক্ত বা ‘হিডেন চার্জ’ বন্ধ করতে হবে। এসব পদক্ষেপ নেওয়া হলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার দাবি, এ আন্দোলনের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতা রয়েছে এবং সে সময় জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল।
জামায়াত নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় সহিংসতার ঘটনাগুলোরও সমালোচনা করেন তিনি।
বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাসের মূল্য নিয়ে তিনি বলেন, দুর্নীতি কমানো গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও তা বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
এ সময় আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
পরে উত্তরা রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।