জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করে তার হত্যার দ্রুত বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৬ জুলাই) সকালে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর এলাকায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তবে দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল এখনও সেই ফ্যাসিবাদী মানসিকতাকে লালন করতে চায়।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে রাজনৈতিক বিভেদ ভুলে জুলাই সনদ বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। এতদিনেও ঘটনার বিচার সম্পন্ন না হওয়া উদ্বেগজনক। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের আহ্বান জানান।
কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।