অতীত থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারকেও পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহীপালে ১১ দলীয় জোটের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
জামায়াত আমির বলেন, সরকার বারবার জনগণের দাবি উপেক্ষা করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশের যেকোনো সংকটের সময় অন্য রাজনৈতিক দলগুলো দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। তবে জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি বলে দাবি করেন তিনি।
জনগণের অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা করলে বিরোধী দল কোনো ছাড় দেবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, অধিকার আদায়ে প্রয়োজনে আবারও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামতে হবে। এজন্য সবাইকে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি।
এদিকে একই পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আঘাত এলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ঢাকার মহাসমাবেশ থেকে রাজনৈতিকভাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে সেই ঘোষণার আগেই সরকার ছয় দফা দাবি মেনে নিলে বিরোধী দল কঠোর কর্মসূচি থেকে সরে আসবে।
সরকার দাবি না মানলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে বলেও ইঙ্গিত দেন বিরোধী জোটের নেতারা।