জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘জুলাই ঐক্য’ প্রথম ভেঙেছে বিএনপি। একই সঙ্গে তিনি বলেন, দলটি যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভবিষ্যতে বিএনপির সঙ্গে এনসিপির শক্ত রাজনৈতিক লড়াই হবে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলা শাখা এ পথসভার আয়োজন করে।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি। জুলাইকে প্রথম বিব্রত করেছে বিএনপি। জুলাইয়ের সঙ্গে এবং আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম বেইমানি করেছে বিএনপি।” তিনি আরও বলেন, বিএনপি নিজেদের অবস্থান সংশোধন করলে আবারও ‘জুলাইয়ের ঐক্য’ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব। অন্যথায় ভবিষ্যতে বিএনপির সঙ্গে তাদের শক্ত রাজনৈতিক লড়াই হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের যে রাজনৈতিক লড়াই, তা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; বরং ফ্যাসিবাদী ব্যবস্থা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি যদি বিএনপির মধ্যেও থেকে থাকে, তাহলে সেই ব্যবস্থার বিরুদ্ধেও এনসিপি অবস্থান নেবে বলে মন্তব্য করেন তিনি।
ভারত প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের কারণে তারা একসময় ধারণা করেছিলেন বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে। তবে পরবর্তীতে তারা হতাশ হয়েছেন বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন ইস্যুতে বিএনপি ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। এছাড়া সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয় এবং ভারতে থেকে লোকজন বাংলাদেশে পাঠানোর অভিযোগ সংসদে উত্থাপনের উদ্যোগও বিএনপি সমর্থন করেনি বলেও দাবি করেন তিনি।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, এনসিপির স্থানীয় নেতাসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।