জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “পালিয়ে যাবে না বলে যে পালিয়ে যায়, সে ‘আসি আসি’ বলে আর কোনোদিন ফিরে আসে না।” মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি আওয়ামী লীগ, বর্তমান সরকার এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার পরিবারের সদস্যরা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তিনি দেশে ফিরে আসবেন—এমন ধারণা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন।
হাসনাত আবদুল্লাহ সরকারের কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কার নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সফল হয়নি। পাশাপাশি তিনি রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার, সংবিধান সংশোধন, পুলিশকে নির্দলীয় করা এবং স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আন্দোলনে নিহত ও আহতদের অবদান স্মরণ করে তিনি তাদের প্রত্যাশা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পথসভায় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।