জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার যদি ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি পড়তে সক্ষম না হয়, তাহলে তাদের ‘শিক্ষিত করতে’ প্রস্তুত রয়েছে আন্দোলনকারীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার প্রশ্ন করছে কেন লংমার্চ করা হচ্ছে। অথচ বিরোধীদলীয় নেতা এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। গুমসহ বিভিন্ন বিষয়ে সংসদে সমাধান করা সম্ভব হলে রাজপথে নামার প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে, রাজপথে নামতে বাধ্য করেছে।’ গুমের বিষয়ে সংসদে কার্যকর সমাধান না হওয়া এবং বিভিন্ন আইন ও নীতির বিরোধিতায় আন্দোলন চলছে বলে দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুমের বিষয়ে আইন, সাইবার সিকিউরিটি আইনসহ বিভিন্ন দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিস্তাপাড়ের মানুষের সমস্যার সমাধান এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতেও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, ঢাকা থেকে শুরু হওয়া এই লংমার্চ রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং ভবিষ্যতে আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।