গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাঁর দাবি, সংবিধানে গণভোটের বিধান কার্যকর না থাকলে বর্তমান সাংবিধানিক কাঠামো নিয়েও প্রশ্ন তৈরি হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল গণভোট-সংশ্লিষ্ট সব অঙ্গীকার পালন করেছে, কিন্তু সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে। এ অবস্থানের অংশ হিসেবেই বিরোধী দল সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে।
অন্যদিকে, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ওয়াকআউট বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তিনি জানান, সংবিধান সংশোধন কমিটি কেবল সুপারিশ প্রদান করবে এবং সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কারের কাজ এগিয়ে নিতে চায়। তাঁর ভাষ্য, এ বিষয়ে সংলাপের পথ খোলা থাকবে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।